ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

আবারও 'মিস ইউনিভার্স বাংলাদেশ' হলেন তানজিয়া মিথিলা

ads

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ প্রতিযোগিতায় দেশসেরার মুকুট জিতলেন তানজিয়া জামান মিথিলা। প্রথম রানারআপ নির্বাচিত হয়েছেন ফারজানা ইয়াসমিন অনন্যা ও দ্বিতীয় রানারআপ ফারজানা আকতার এ্যানি।


এই সুন্দরী প্রতিযোগিতায় আরও তিন ক্যাটাগরিতে স্বীকৃতি পান তিনজন। তারা হলেন মিস শাইনিং স্টার আপোনা চাকমা, মিস ফটোজেনিক নিদ্রা দে এবং মিস ট্যালেন্টেড হিসেবে স্বীকৃতি পান তৌহিদা তাসনিম তিফা।


রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের বলরুমে শনিবার রাতে অনুষ্ঠিত হয় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’-এর গ্র্যান্ড ফিনালে।


প্রতিযোগিতায় বিশেষ বিচারক ছিলেন বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। তিনিই মিথিলার মাথায় পরিয়ে দেন বিজয়ীর মুকুট।


গ্র্যান্ড ফিনালে বিচারক ছিলেন মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান, ভারতের প্রাসাদ বিদাপা, আইরিন সমার তিলগার, গৌতম সাহা, রিয়াজ ইসলাম, সারা সুলেমান, মেহরুজ মুনির।


জানুয়ারি থেকে ‘মিস ইউনিভার্স বাংলাদেশে-২০২০’ এর প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এতে দেশ ও দেশের বাইরের ৯ হাজার ২৫৬ জনের বেশি বাংলাদেশি তরুণী অংশ নেন। প্রাথমিক বাছাইয়ের পর অডিশনের জন্য ডাক পান ৫০০ প্রতিযোগী।অডিশন পর্বে প্রতিযোগীদের সৌন্দর্য, শিক্ষা, প্রতিভা, বুদ্ধিমত্তাসহ বিভিন্ন যোগ্যতার ওপর ভিত্তি করে শীর্ষ ৫০ জনকে বাছাই করা হয়। তাদের মধ্যে সেরা ২০ জনকে নিয়ে চলে গ্রুমিং সেশন। সেখান থেকে আবার সেরা ১০ জনকে নির্বাচন করা হয়। এই ১০ জনের মধ্যে সেরা সুন্দরীর মুকুট পরলেন তানজিয়া জামান মিথিলা।


আগামী ১৬ মে যুক্তরাষ্ট্রে ‘মিস ইউনিভার্স ২০২০’ প্রতিযোগিতার ৬৯তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মিথিলা।

ads
ads
ads

Our Facebook Page